কলকাতার সমাজ (১)

ভিড় 

শহরে ভিড় চতুর্দিকে। কলকাতা শহরের  যে পরিমাণ জনসংখ্যা তাতে  ভিড় জমায়েত স্বাভাবিক । পূজোর ভিড়, কেনাকাটার ভিড়, পূজা মন্ডপে ভিড়, তারপরে বইমেলায় ভিড়।  ফুটবল, ক্রিকেট, মেলা। বাসে ভিড় লঞ্চে ভিড় মেট্রোয় ভিড় । আবার বড়দিনে চিড়িয়াখানায় ভিড় ইকো পার্কে ভিড় । ক্রিসমাসে পার্ক স্ট্রিটে ভিড়  সম্ভবত ‘উপচে পড়া’ ভিড়।  আবার সেলিব্রিটিদের  দেখতে ভিড়।তখন ভিড়ের  সঙ্গে আবার একটা শব্দের যোগ আছে সেটা হচ্ছে হুজুগ। এমন কি সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজগুলোতে এও বলা হয় যে ‘কাতারে কাতারে ভিড়’ বা বইমেলায় ২৫ লক্ষ মানুষ একদিনে গেছে তাই সেটি একটি কোন সাংস্কৃতিক বাণিজ্যিক সাফল্য।  আবার রাজনৈতিক সভায় ভিড় না হওয়া মানে  রাজনৈতিক বিপর্যয় । কলকাতায় ভিড় কখন জমায়েত কখন সমাবেশ কখন জনসমুদ্র কখন আবার জনজোয়ার। কখনো আবার পুলিশ ভিড়  সামলাতে হিমশিম খায়। 

সাহিত্য সংসদের বাংলা অভিধান ভিড়  অর্থ কে সম্মেলন সংঘ বা জনতা বলে। সমাজতত্ত্বের ভিড় বা crowd  নিয়ে গবেষণা হয়েছে । ‘Collective Behaviour’ এই বইয়ে লেখকরা (Ralph H Turner ইবং Lewis Killian) বলেছেন যে ভিড় চার রকমের হয়। ‘ক্যাজুয়াল ক্রাউড’ , ‘কনভেনশনাল ক্রাউড’ ‘এক্সপ্রেস ট্রাউট’ এবং ‘একটিভ ক্রাউড’।

ওনাদের গবেষণা অনুযায়ী ‘ক্যাজুয়াল ক্রাউড’ বা সাধারণ ভিড় আমরা সেটিকে বলতে পারি যেখানে একই সময় একটি জায়গায় বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন  কিন্তু তাদের মধ্যে কোন আদান-প্রদান নেই। যেমন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ। ‘কনভেনশনাল ক্রাউড’  কে আমরা এক ধরনের জমায়েত বলতে পারি যেখানে কিছু সংখ্যক মানুষ একটি উদ্দেশ্যর জন্য একত্রিত হয় যেমন কোন একটি  একটি ধার্মিক অনুষ্ঠান। ‘এক্সপ্রেসিভ ক্রাউড& আবেগ তাড়িত ভিড় যারা আবেগের প্রকাশের জন্য একত্রিত হয়েছেন যেমন কোন একটি কনসার্টের দর্শকরা বা শ্রোতারা। এবং একটিভ ক্রাউড বা সক্রিয় জমায়েত এর উদাহরণ হচ্ছে কোন একটি প্রতিবাদ সভা। সক্রিয় জমায়েত অনেক সময়  হিংস্র হয়ে যেতে পারে দাঙ্গা ও হতে পারে অনেক সময় আন্দোলনও হতে পারে। 

কলকাতার ভিড়ের সঙ্গে কোথাও একটা ব্রিটিশ বা ইউরোপিয়ানদের ভিড়ের ভয়ে জড়িয়ে আছে।  অনিতা দেশাই ওনার উপন্যাস ‘Voices in the City’ যেটি ষাট দশকের কে কলকাতাকে চিত্রিত করে সেখানে চরিত্রদের অনেকটাই  কলকাতায় ভিড়ে ব্যতিব্যস্ত এমন কি কলকাতার ভিড় তাদের এক ধরনের দম বন্ধ করে দেয় দেখানো হয়েছে।

আমার মনে হয় এই উপন্যাসটা কোন একটা বাইরে জায়গা থেকে লেখা  এখানে ভিড় হল congestion  বা claustrophobia। 

তবে  বাংলা উপন্যাস বা বাংলা সিনেমাতে কলকাতায় ভিড় বলতে মানুষের ব্যস্ততার মধ্যে একাকীত্ব দেখি যেমন তপন সিনহা ওনার যতুগৃহ সিনেমায় শেষ  দৃশ্য দেখিয়েছেন সেখানে যেই প্রধান চরিত্র উত্তম কুমার ও অরুন্ধতী দেবী  তারা ওই স্টেশনের ভিড়ে বিরক্ত নন কিন্তু তার মধ্যে তাতে চরম একাকিত্বের অনুভব করেছেন এবং দর্শকরাও তাই করেছে। 

কলকাতা ভিড় শব্দটির একটি সাংকেতিক অর্থ আছে যেমন ভিড় মানে স্বতন্ত্র চিন্তায় বিরোধীও বোঝাতে পারে। ভিড়ের পরস্পর বিরোধী চরিত্র নিয়ে সমাজতাত্ত্বিকরা ক্রাউড বিহেভিয়ার নিয়ে লিখেছেন। । কলকাতায় ভিড় যেমন জনসংখ্যা বৃদ্ধি,  প্ল্যানিং এর অভাব ইত্যাদি বোঝায় আবার ভিড়ের সঙ্গে রাজনৈতিক ও একটা যোগ আছে। ভিড় গণতন্ত্রের একটা  ক্ষেত্র আবার তাই ধর্না র‍্যালি ব্লকেড সবসময়ই লেগে থাকে।আবার  ভিড় যে কোন মুহূর্তে গণতন্ত্রের বিরোধী  হতে পারে।  

ভিড়ে  মানুষ নিজের সত্তা হারিয়ে ফেলে নাকি নিজের নতুন কোন সত্তা খুঁজে পায় এই নিয়ে এই সব সমাজতাত্ত্বিকরা গবেষণা করেছেন।  

লে বন (Le Bon) সংক্রমাত্মক তত্ত্ব বা Contagion Theory তে বলেছেন যে  ভিড়ের  প্রভাবের  ফলে একটি "গোষ্ঠীগত মন" ( Group mind)  তৈরি হয়। আবার এরই বিপরীতে Convergence Theory বলে যে ভিড়ে মানুষ অযৌক্তিক নয় বরং  নিজের স্বতন্ত্রতা নিয়েই থাকে। Turner এবং Killian ওনাদের Emergent Norm Theory এই দুটি তত্ত্ব মিলিয়ে যা বলে যে ভিড়ে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে যেখানে স্বাভাবিক নিয়ম গুলো ভেঙে যায় সেখানে তারা একসঙ্গে নতুন উপায় প্রদর্শন করে। সেই নতুন উপায় নেতিবাচকও হতে পারে আবার ইতিবাচকও হতে পারে। ধরা যাক যুবভারতীতে মেসিকে দেখতে না পেয়ে ভিড় থেকে মানুষরা জলের বোতল ছুড়তে  আরম্ভ করল। আবার এও হতে পারে যে কোন একটি প্রতিবাদ বা মিছিলে পুলিশ বা কারোর বাধা পেয়ে মানুষ শান্তি ভাবে সেইখানে রাস্তা দখল করে বসে পড়ল। অভয়া কান্ডের ‘রাত দখল’ ও এই তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করা যায়। 

তাই যেমন বলে কলকাতা আছে কলকাতাতেই তাই এও বলা যেতে পারে যে কলকাতার  ভিড়ে কলকাতাই আছে। তাই সবশেষে  বলব কলকাতার মানুষ কলকাতার ভিড়ে থাকতে ভালবাসে।


তথ্য সূচি: 

১) LeBon, Gustave. 1960 [1895]. The Crowd: A Study of the Popular Mind. New York: Viking Press.

২) Lofland, John. 1993. “Collective Behavior: The Elementary Forms.” Pp. 70–75 in Collective Behavior and Social Movements, edited by Russel Curtis and Benigno Aguirre. Boston: Allyn and Bacon.

৩) Turner, Ralph, and Lewis M. Killian. 1993. Collective Behavior. 4th ed. Englewood Cliffs, N. J., Prentice Hall.

Comments