কবি দীপঙ্কর সরকারের দুটি কবিতা
শেকড় সন্ধানে এসে কিছুটা বিচলিত মন
সহসা হোঁচট খায়, হাওয়ার স্পর্শে আগুন
সম্ভাবনা বাড়িয়ে তোলে ক্ষুধা। ঝুঁকিটা বহাল
তবিয়ত অযথা নাটুকেপনা। মেঘের আড়ালে
সজীব উল্লাস ভেসে ফেরে ঈশান নৈর্ঋত।
ফুলে ফুলে ওড়ে ঘ্রাণ পাতার শব্দে নাচের
মহড়া যেন! শেকড় সন্ধানে এসে বিচলিত মন
অতর্কিতে হারায় ঠিকানা।
প্রতিরূপ
কুয়াশা জন্মের আগে একলা বিভ্রম
প্রতিমুখে বিম্বিত আলো, ছায়াঘোর
লেগে থাকে গোটা একটা দুপুর, সবটা
কেমন বিস্ফোরিত অন্তর্দাহ। ভুলের ও
ভুল যেন অলিখিত অক্ষর সমূহ ফুটে
ওঠে দেয়ালে দেয়ালে,স্পষ্টবাক অঙ্কিত
চিত্র ছোপ ছোপ হৃদয় রাঙানো। ঘাসের
ডগায় শিশির পাত মুক্তো সমতুল। বিকি-
রণ ছড়িয়ে পথে পথে অগোছালো যত
সব বুজরুকি ক্রমশ প্রকাশ্য।
কবি পরিচিতি - কবি দীপঙ্কর সরকারের জন্ম মুর্শিদাবাদ জেলায়। কর্মসূত্রে চাকদহ নদিয়ায় বসবাস। পেশা - শিক্ষকতা, বর্তমানে অবসরপ্রাপ্ত। অসম , ঝাড়খণ্ড, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নানাবিধ পত্র পত্রিকায় নিয়মিত কবিতা,গল্প, ছড়া, ও প্রবন্ধ প্রকাশিত হয়।এযাবৎ প্রকাশিত গ্রন্থ ১৩ টি ।
Comments
Post a Comment